রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-বাঘাইহাট সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২১ জুলাই) ভোর ৬টার দিকে বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ভোর থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক বিভাগের লোকজন সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

স্থানীয়রা জানান, গতকাল রোববার রাত থেকে ওই এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে সোমবার (২১জুলাই) ভোর ৬টার দিকে পাহাড় ধস হয়। এতে সকাল থেকে ওই সড়কের দুই দিকে আটকা পড়ে বহু যানবাহন।

সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) খাগড়াছড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান, মারিশ্যা-বাঘাইহাট সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমাদের লোকজন সেখানে গিয়ে সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ করতেছে। এখন যানবাহন চলাচল করা যাচ্ছে। তবে পুরো সড়ক থেকে ধসে পড়া মাটি সরাতে কিছুটা সময় লাগতে পারে।