ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। সচিবালয়ে গতকাল আরএমজি সেক্টর-সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ১৭তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘মালিক ও শ্রমিক নেতারা এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন যে, ঈদ সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। যেগুলো সমাধান হয়নি, সেগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।’ 

তিনি বলেন, ‘আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছি। তিন পক্ষ মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, এ সিদ্ধান্তের আলোকে আগামী ঈদ শুভ হবে, সুন্দর হবে।’ 

সাংবাদিকদের এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দেয়া হবে। কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেয়া হয়নি। কোনো ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবে, কখন দিতে পারবে না, সেটা তো আমরা জানি না। আমরা বলেছি, ঈদের ছুটির আগে দিতে হবে।’