রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং (জলযান নিয়ে খেলাধুলা) করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার বালুখালী ইউনিয়নের স্বর্ণদ্বীপ রিসোর্টে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে তিনি এ দুর্ঘটনার শিকার হন। মৃত পর্যটকের নাম মো. ইফরাত (২৬)। তিনি ঢাকার পুরাতন নাজিরবাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।

গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল বেলা সোয়া ১১টার দিকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, স্বর্ণদ্বীপ আইল্যান্ড রিসোর্টে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসেন ইফরাত। কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে তিনি নিখোঁজ হন। প্রায় আধা ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে বেলা ১১টা ১৫ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম বলেন, ‘ইফরাত তার ছয় বন্ধুর সঙ্গে হ্রদে কায়াকিং করতে গিয়ে বোট উল্টে পানিতে ডুবে যান। তার গায়ে কোনো লাইফ জ্যাকেট ছিল না। মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’