বাঙালি সংগঠনের অবরোধ ঘোষণার হুঁশিয়ারির মধ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের পর এবার ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের বৈঠকও স্থগিত হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও টাস্কফোর্সের সদস্য সচিব ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়।

নোটিসে জানানো হয়, ২২ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিতব্য ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের ১২তম সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সভার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।

উল্লেখ্য, গতকাল টাস্কফোর্সের বৈঠক বাতিলের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও টাস্কফোর্সের সদস্য সচিব বরাবর স্মারকলিপি দেয় পার্বত্য চট্টগ্রাম লিগ্যাল এইড জাতীয় কমিটি। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর মাধ্যমে স্মারকলিপি পেশের পর দুপুরেই বৈঠক স্থগিতের খবর আসে।

এর আগে ১৬ অক্টোবর সকালে রাঙ্গামাটি জেলা শহরে এক সংবাদ সম্মেলন থেকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবি ওঠে। ‘সচেতন ছাত্র-জনতা রাঙ্গামাটি জেলা শাখার’ ব্যানারে বাঙালি সংগঠনগুলো সংবাদ সম্মেলনে বৈঠক বাতিল না হলে হরতাল-অবরোধের হুঁশিয়ারি দেয়। ওইদিন রাতেই কমিশনের সদস্যদের বরাবর চিঠি দিয়ে ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিতের কথা জানান ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন।

ওই বৈঠক স্থগিতের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন’।