চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সরাইগাছি সড়কের বড় দাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের রাফজুল ইসলামের মেয়ে রুবিন খাতুন (১৮) ও রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা আশুরার মোড় এলাকার মোকলেসুর রহমানের ছেলে মজিবুর রহমান (৩৭)।

গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, গতকাল দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সরাইগাছি সড়কের বড় দাদপুর এলাকায় মোটরসাইকেল চালক মজিবুর ও আরোহী রুবিনকে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি ধাক্কা দিলে ঘটনাস্থলে মজিবুর মারা যান। পরে স্থানীয়রা রুবিনকে গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠায়। রামেকে নেয়ার পথে রুবিন মারা যান।