লিবিয়ার মিসরাতা ও আশেপাশের এলাকা থেকে ১৫৭ জন অনিয়মিত বাংলাদেশী নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৪টা ২৫ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড ০২২২) একটি চার্টার্ড ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিমানবন্দরে অবতরণের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

প্রত্যাবাসিত এসব বাংলাদেশী নাগরিকের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে লিবিয়ায় প্রবেশের পর অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের এই ঝুঁকিপূর্ণ পথে না যাওয়ার জন্য সতর্ক করেন।

আইওএম প্রত্যাবাসিত প্রত্যেক নাগরিককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী, মেডিকেল সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশীদের দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস এবং আইওএম একযোগে কাজ করছে।