ভোটের দুইদিন আগে বরিশাল-৫ (সদর) আসনে নির্বাচন নাটকীয়তায় রূপ নিয়েছে। বরিশাল-৫ (সদর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনকে সমর্থন জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ। নিজের প্রার্থিতা ফিরে না পাওয়ায় নির্বাচনের শেষ মূহুর্তে এসে  ট্রাক প্রতীকের সঙ্গে হাত মেলালেন সাদিক। ফলে নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বড় প্রতিদ্বন্দী এখন ট্রাক।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ব্রজমোহন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সাদিকপন্থীরা রিপনকে সমর্থন দেন। এসময় সেখানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবুল হাসানাত আব্দুল্লাহর সন্তান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে আমরা আজকে এই জনসভায় এসেছি। আমি আহ্বান রাখছি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপনকে বরিশাল মহানগর, সদর উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করে বরিশালের উন্নয়ন তরান্বিত করবে।

তিনি আরো বলেন, রিপন নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। রিপন এ অঞ্চলের মানুষকে বছরের পর বছর সহায়তা দিয়েছে। তাকে সমর্থন জানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের দুহাত তোলার আহ্বান জানিয়ে মাহবুব বলেন, কেউ ভয়ভীতি দেখালে তার দাতভাঙ্গা জবাব দেব। 

জনসভায় বক্তৃতা দেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন। এসময় তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে উদ্দেশ্য করে বলেন, আর ছাড় দেয়া হবেনা, ৭ জানুয়ারী খেলা হবে। 

বিকাল ৪টায় বিএম স্কুলের মাঠে গিয়ে দেখা যায়, সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল, ছাত্রলীগের আতিকুল্লাহ মুনীম, রাজীব আহমেদ খান, মহানগর শ্রমিক লীগের সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না, সিটি কাউন্সিলর মুন্না, মহিলা লীগের নিগার সুলতানা হনুফা, গায়েত্রী সরকার পাখিসহ আরও অনেকে। 

প্রার্থী সালাউদ্দিন রিপন তার বক্তব্যে নৌকার প্রার্থী জাহিদ ফারুককে একাত্তরে হানাদারদের সহযোগী এবং ওয়ান ইলেভেন সরকারের সৃষ্টি বলে আখ্যা দেন। রিপনের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটি ও নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলরাম পোদ্দার। তিনি বলেছেন, নৌকার প্রার্থীকে ‘হানাদার বাহিনীর সদস্য এবং ওয়ান ইলেভেনের সৃস্টি’ বলে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরনবিধী লংঘন করেছেন। প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা বরিশালে জনসভা করে জাহিদ ফারুককে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে আওয়ামী লীগের পদধারীরা প্রধানমন্ত্রীকেই অপমান করেছেন। 

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ালেও, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে তার প্রার্থিতা বাতিল হয়।