গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধন ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দিতে হবে। এজন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব।
নৌকা বাইচ গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্য উল্লেখ করে ড. আবদুল মঈন খান বলেন, ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকা বাইচ দেখে যে নির্মল আনন্দ উপভোগ করতেন, সময়ের পরিবর্তন ও সামাজিক জটিলতায় সেই আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে সেই আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারো ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে দেশকে সুন্দর, ঐতিহ্যময় ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। লেখাপড়া, রাজনীতি ও দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের পুনর্জাগরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।
নৌকা বাইচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিবপুর ও রায়পুরার নেতা ও কর্মীদের অভিনন্দন জানান স্থানীয় সরকারমন্ত্রী। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। পরে স্থানীয় সরকারমন্ত্রী নৌকা বাইচ পরিদর্শন করেন।










