টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানুরবাড়ী এলাকার যমুনা নদী থেকে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। তারা সম্পর্কে চাচাতো ভাই। সুজয় স্থানীয় গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণী ও লিখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। 

স্থানীয়রা জানায়, গতকাল দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যায় তারা। এ সময় বড় ভাই সুজয় সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে ছোট ভাই লিখন এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দুই ভাইকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে দুজনের মরদেহ ভূঞাপুর থানায় নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া জান্নাত জানান, দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।