প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে দ্বীপজেলা ভোলায় ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা। তারা হলেন—বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে প্রথমে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেতুলিয়া নদীতীর এলাকায় একটি জায়গা পরিদর্শন করেন, এরপর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নে আরেকটি জায়গা পরিদর্শন করেন উপদেষ্টারা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা দুটি জায়গা দেখলাম, এরমধ্যে ফিজিবল যেটা সেটা আমরা নেব। আমরা চেষ্টা করবো নতুন কোনো জায়গা যেন অধিগ্রহণ করতে না হয়। বিভিন্ন জেলায় তো অধিগ্রহণ করা খাস জমি আছে, তো ওইটাই যেন আমরা কাজে লাগাতে পারি সেজন্য আরেকটু পরীক্ষার দরকার আছে। এ সময় উপদেষ্টাদের স্ব-স্ব মন্ত্রণালয়ের সচিবগণ, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, এদিন সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন উপদেষ্টারা।