শিক্ষার্থীদের মানসিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি অত্যন্ত সংবেদনশীল। ২০০৯ সালের দিকে তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন করে ‘স্কুল সাইকোলজিস্ট’ নিয়োগের কথা জানিয়েছিলেন। কিন্তু আমরা এখনই সে পর্যায়ে যেতে পারছি না। তাই প্রতিটি জেলায় অন্তত একজন করে বিশেষজ্ঞ স্কুল সাইকোলজিস্ট নিয়োগ দেয়া হবে। এজন্য পদ সৃজনের কাজ চলমান রয়েছে।

গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ১৫তম মনোবিজ্ঞান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে ডা. দীপু মনি আরো বলেন, স্কুল-কলেজের তরুণদের মাঝেও আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে। তাই শুধু শারীরিক নয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপরও গুরুত্ব দিতে হবে। মানসিক স্বাস্থ্যের বেলায় মানুষের অনাগ্রহ দেখা যায়। কারণ মানসিক অসুস্থতার কথা বললে অনেকে নেতিবাচকভাবে নেয়। ফলে মানসিক স্বাস্থ্যের প্রতি নজর না দেয়ায় পরিবার ও সমাজে অস্থিরতা দেখা দিচ্ছে। এক্ষেত্রে সচেতনতা বাড়াতে মনোবিজ্ঞানের শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

‘মানবকল্যাণে মনোবিজ্ঞান’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে মনোবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শামসুদ্দিন ইলিয়াস ও সাবেক সভাপতি অধ্যাপক ড. এম রওশন আলী, পিরোজপুর বিএসএমআরইউ অ্যান্ড টি-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুল্লাহ এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান।