ঝালকাঠির রাজাপুরে জুয়ার আসর থেকে এক ব্যাংক কর্মকর্তাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। গতকাল সকালে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
তারাবুনিয়া এলাকার মানিক খানের বসতঘরে প্রকাশ্যে জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭৫ হাজার ৩০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম ও আটটি সেলফোন জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে মো. শামীম আকন নামের একজন পূবালী ব্যাংক বরিশালের মেহেন্দীগঞ্জ শাখার ক্যাশিয়ার পদে কর্মরত রয়েছেন। তিনি পাশের কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। অন্যরা হলেন একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে বাবু হাওলাদার, মৃত মোকসেদ আলী খানের ছেলে মহিদুল ইসলাম, মৃত সোবাহান হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার এবং রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকার গনি জমাদ্দারের ছেলে কামরুল হোসেন জমাদ্দার, রশিদ জমাদ্দারের ছেলে মজিবর জমাদ্দার, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া এলাকার কাওসার আলী সরদারের ছেলে এমাদুল সরদার।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।










