নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পাসপোর্ট, নকল সিল, নগদ টাকা ও দলিলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

আজ বুধবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আমীর খসরু এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- সুমন চক্রবর্তী (৪৩), দীপক রায় (৩৮), সাদ্দাম হোসেন মামুন (২৫), মো. কামাল হোসেন (৩৪), মো. আলমগীর হোসেন (৪৩), মো. ইয়াসিন আরাফাত (৩২), মো. ইয়াসিন রানা (২৮), আনোয়ার হোসেন (৩৫), হাসিবুল হাসানা শান্ত (২৫), ইমরান হোসেন (২০), রবিউস সানি (২২), মো. গোলাম রাব্বি (২৭), মো. রফিকুল ইসলাম (২৯), সিফাত হাসান (২৯), রাব্বি সালাম লিমন (২৮) ও আল আমিন (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু জানান, দীর্ঘদিন যাবত আঞ্চলিক পাসপোর্ট অফিস সামনে দালাল চক্রটি পাসপোর্ট করে দেয়ার কথা বলে নিরীহ পাসপোর্টধারীদের হয়রানি করছে। তারা ব্যাংক, পুলিশ সহ বিভিন্ন দপ্তরের স্বাক্ষর এবং সিল নকল করে স্ট্যাম্পের মাধ্যমে পাসপোর্ট তৈরি কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১৪টি পাসপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বানানো ১৩টি সিল, বিভিন্ন নামে ৬৪টি নোটারি পাবলিক কপি ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।