মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, নিশ্চিহ্ন
দল বিএনপিকে জনগণের মনেও নেই, জনগণ বিএনপিকে
ভুলে যাচ্ছে। তাই বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার্থে অসত্য, কাল্পনিক ও বানোয়াট কথা
বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও জনগণ বিভ্রান্ত হবে না। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই
বিএনপি এসব করছে।
শনিবার (৬ এপ্রিল) ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ
প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর
পক্ষে খাদ্য সামগ্রী তুলে দেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা দিতে সরকারের পক্ষ
থেকে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। আওয়ামী লীগের উন্নয়নমূলক নানা উদ্যোগের কারণে এখন
আর কোথাও যানজট নেই বললেই চলে। তবে সড়কে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকেই সচেতন হওয়ার
পরামর্শ দেন তিনি। পরে মন্ত্রী আদিবাসী পরিবারের শিক্ষার্থীদের তিনজনকে বাইসাইকেল ও
২৭ জনকে মোট এক লাখ ২৩ হাজার পাঁচশ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়া উপজেলার
এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রমের
উদ্বোধন করেন।
এ সময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাইল হক বকু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির
হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।










