বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এ লড়াইয়ে স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে।
আজ শনিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের হাতে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয়, আসলে আপনাদেরকে সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের নেই।
বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল উল্লেখ করে তিনি বলেন, যারা বিগত সময়ে নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সান্ত্বনা দেয়ার ভাষা নেই। গুম-খুন ও নানা নির্যাতনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। তিনি আরো বলেন, ‘ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা আমরা দেখেছি, তবে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দেবে। জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে গুম-খুনের শিকার শহীদদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, কেউ কেউ নানা কথা ও অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়। যারা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন সফল হতে না পারে- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা হবে শহীদদের প্রতি চরম অবিচার।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এবং আমরা বিএনপি পরিবারের সদস্য জাহিদুল ইসলাম রনি। সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ শহীদ পরিবারের সদস্যরা।















