জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে দলের নাম, মার্কা দেখে মানুষ ভোট দেবে না। কোন লোকটা কেমন? কে কেমন কাজ করছে? কথার সঙ্গে কাজের মিল কেমন—এ জিনিসগুলো দেখে মানুষ ভোট দেবে।
গতকাল দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সারজিস রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর নেমে পঞ্চগড়ের উদ্দেশে গাড়িবহর নিয়ে দেবীগঞ্জে আসেন। দেবীগঞ্জে পথসভা শেষে বাদ্য বাজনাসহ গাড়িবহর নিয়ে বোদা উপজেলার উদ্দেশে রওনা দেন। পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পথসভা শেষে তার নিজ উপজেলা আটোয়ারীতে ইফতার মাহফিলে যোগ দেন।
সারজিস বলেন, ‘এতদিন ধরে এই বাংলাদেশের গণমানুষকে বিভিন্ন দলের নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। নেতারা শুধু ভোটের আগের দিন ভোট চাইতে যান, হাতে কিছু টাকা হাতে ধরিয়ে দেন। ভোট শেষ হওয়ার পরে একটা ভিজিডি কার্ড বয়স্ক ভাতার কার্ডসহ যে কোনো কাজের জন্য জনপ্রতিনিধির কাছে গেলেই টাকার জন্য হাত পেতে বসে থাকেন। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেয়া যাবে না।’
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ৫৪ বছরে আমরা অনেক সরকার দেখেছি, অনেক সরকারপ্রধান দেখেছি। কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত প্রায় দুই হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে।’










