পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, দেশ কখনোই শ্রীলংকা হবে না। কারণ আওয়ামী লীগে তারেক রহমানের মতো লোক নেই, যে নিজ দলের নেতাকর্মীদের বিপদে রেখে লন্ডনে পালিয়ে থাকবে। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিচার নিষ্পত্তি করতে হবে। তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে।
গতকাল দুপুরে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুর রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।










