পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ইউরোপে চলমান যুদ্ধের কারণে আগামী বছর বিশ্বব্যাপী খাদ্যসংকট হতে পারে। এজন্য আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনামতো চাষযোগ্য এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। ধান, ফসল, তরিতরকারিসহ যখন যে ফসল জন্মে তাই ফলাতে হবে। আজ থেকে সতর্ক হলে সম্ভাব্য এ সংকট আমরা মোকাবেলা করতে পারব।

গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চবিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের হালি চারা বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোদাচ্ছির বিল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. তাজউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার প্রমুখ।

এর আগে পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনগ্রসর জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানসামগ্রী বিতরণ এবং উপজেলা প্রশাসনিক ভবনে নির্মিত মুজিব কর্নার উদ্বোধন করেন।