চট্টগ্রামের বারিক বিল্ডিং এলাকার এসআরভি (স্ট্যান্ড রোড ভিক্টোরিয়া) স্টেশনে আগুনে পুড়েছে ট্রেনের ৪ বগি। বৃহস্পতিবার(৭ মার্চ) রাত ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কারা ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে সেটি উদঘাটন করা যায়নি।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত যাত্রীবাহী কোচে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাত ১১টায় আগুন লাগলেও নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায়।

ফায়ার সার্ভিসের বন্দর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শামীম মিয়া জানান, বারিক বিল্ডিং এলাকায় রেলওয়ে সাইড লাইনে যাত্রীবাহী ৪ কোচ পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন পড়ে ছিল। মাদকসেবী কিংবা টোকাইদের বিড়ি-সিগারেটের আগুন থেকে ট্রেনের কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, বারিক বিল্ডিং মোড় সংলগ্ন বাংলাবাজার এলাকার রেলওয়ের এসআরবি স্টেশনে পরিত্যক্ত যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগে। রাতেই ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।