খুলনার কয়রা উপজেলায় পুকুর থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বিস্তারিত জানাতে না পারলেও পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ তিনটি পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রাম থেকে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তারা মরদেহগুলো উদ্ধার করেন। নিহতরা হলেন ওই গ্রামের হাবিবুর রহমান (৩০), তার
স্ত্রী বিউটি (২৬) ও মেয়ে হাবিবা (১১)।
পরিদর্শক শাহাদাত বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ লুকানোর চেষ্টা করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










