চট্টগ্রামে ভোট দিতে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৫৫ বছর বয়সী মনু মিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটে নগরের বাগমনিরাম এলাকার কাজীর দেউরি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা। সকালে ভোট দিতে তিনি কেন্দ্রে উপস্থিত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শুরুর পরপরই কেন্দ্রে ভোটারদের লাইন দীর্ঘ হতে থাকে। মনু মিয়া লাইনে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন ও দায়িত্বরত কর্মকর্তারা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দ্রে দায়িত্ব পালনকারী এক কর্মকর্তা জানান, ঘটনাটি আকস্মিক ছিল। অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয়া হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
ঘটনার পর কিছু সময়ের জন্য কেন্দ্রে ভোটারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত থাকে।















