উচ্চ আদালতের রায়ে বাতিল হওয়া গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বিএনপি, জামায়াতের নেতাকর্মী ও এলাকাবাসী। এ সময় তারা পৃথক স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন। গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহানগরীর টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব কর্মসূচি পালন করেন। একই সময়ে টঙ্গী কলেজগেট, এশিয়া পাম্প, গাজীপুরা এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। ফলে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

বিক্ষোভকারীরা জানায়, সম্প্রতি নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস প্রস্তাবে গাজীপুর-৬ আসন বিলুপ্তির উদ্যোগে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, আসনটি বাদ দিলে গাজীপুর অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে।

টঙ্গী স্টেশন রোড এলাকায় কয়েকশ নেতাকর্মী নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর ফলে জেলাটিতে আসন সংখ্যা দাঁড়ায় তিনটিতে। একই সঙ্গে গাজীপুরে সংসদীয় আসন পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি করা হয়। ২ নম্বর আসনটি ভাগ করে গাজীপুর-৬ আসনের গেজেট প্রকাশ নির্বাচন কমিশন। আসন ফিরে পেতে বাগেরহাটের রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন সংগঠন উচ্চ আদালতে রিট করে। ১০ নভেম্বর হাইকোর্ট বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের রায় ঘোষণা করেন। একই আদেশে গাজীপুর-৬ আসনের গেজেট বাতিল করা হয়। এ নির্দেশের ফলে গাজীপুর-৬ আসনটি বাদ পড়ে।

টঙ্গী পুর্ব থানার ওসি ওয়া‌হিদুজ্জামান জানান, গাজীপুর-৬ আসন বহাল রাখার দা‌বিতে মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দেয়। পরে পু‌লিশ যানজট নিরসনে কাজ শুরু করে।