রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে সুজন (৪০) নামে এক বাস হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার জায়গীর বাতাসন ফতেপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন কুড়িগ্রাম উলিপুর উপজেলার মধ্য সাদুল্যা ফকিরপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক।
পুলিশ জানিয়েছে, ভোরে ভুট্টার বীজ বোঝাই একটি ট্রাক ফতেপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে যাত্রীবাহী পিংকি বাচ্চু পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসের হেল্পার সুজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে নিহতের মরদেহ থানায় আনা হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ওসি ওমর ফারুক জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










