ছাতকে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার হাসনাবাদ এলাকায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়ারাই ইউনিয়নের মনিকপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৬) ও ছৈলা আফজালাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে নাজিমুল হক (২২)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক ছাতক আসার পথে কালারুকা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় পৌঁছলে গোবিন্দগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয় বছরের
শিশু আরিফুল ইসলাম মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুল হক মারা যান।










