চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে সোহেল (৪৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টার মধ্যে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।
আলমডাঙ্গা স্টেশনের ডাউন লাইনের সিগন্যালের কাছাকাছি এলাকায় মরদেহটি পাওয়া যায়। নিহত সোহেল পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদক সেবনের জন্য রেলস্টেশন এলাকায় গিয়েছিলেন তিনি। রাত ১১টার দিকে একজন ব্যক্তি স্টেশনে এসে সহকারী স্টেশন মাস্টার রোজদার আলীকে জানান, সিগনালের কাছে রেললাইনের ওপর কাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সহকারী স্টেশন মাস্টার রোজদার আলী বলেন, সোমবার রাত ৯টার দিকে রূপসা আন্তঃনগর এক্সপ্রেস স্টেশন অতিক্রম করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে রকেট মেইল ট্রেন যায়। ধারণা করা হচ্ছে, এ দুটি ট্রেনের যেকোনো একটির ধাক্কায় সোহেলের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জগদীশ চন্দ্র বসু জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।










