রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেফতাররা হলেন, মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার (১৯), উম্মে কুলসুম (২০) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান পরিচালনা করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি দল। অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের থেকে মানবপাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুইটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মানবপাচার কাজে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।