টাঙ্গাইলে কভিডে স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর স্বামীরও মৃত্যু হয়েছে। তারা হলেন ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামের সোহরাব আলী আকন্দ (৮৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৭৫)। কভিডে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকালে মারা যান স্ত্রী সুফিয়া বেগম। এর মাত্র ৫ ঘণ্টা পর ওইদিন রাতে স্বামী সোহরাব আলীর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ মে হঠাৎ করে সোহরাব আলী আকন্দ ও তার স্ত্রী সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের দুজনের করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে প্রথমে সুফিয়া বেগমের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর রাত ১০টার দিকে সোহরাব আলী আকন্দও মারা যান।
মৃত্যুবরণকারী দুজনই ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ঘাটাইল উইজডম ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কামাল হোসেনের বাবা-মা।










