প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান এই প্রথম নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি নয়াপল্টন কার্যালয়ে গিয়েছিলেন।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছে তারেক রহমান সেখানে অপেক্ষমাণ উচ্ছ্বসিত নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। কার্যালয়ে গিয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ করা যায়। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।
পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় এলাকা ঘুরে দেখা যায় সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপর অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। তাদের কারো কারো হাতে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। সড়কে নেতাকর্মীদের ভিড় থাকায় নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে স্লোগান দেন।
বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতেও দেখা যায়। বিএনপির সাধারণ সমর্থক এমন অনেকেও আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিলেন।










