টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরো তিনজন গুরুতর আহত হন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের শাহজাহান (৬৫) ও হামিদপুর সাহা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা (৬২)। জানা যায়, আন্দিপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত শেষে ফিরছিলেন তারা। 

এদিকে তাৎক্ষণিক আহত তিনজনের পরিচয় জানা যায়নি। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজিটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছলে দ্রুত গতিতে চলা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। আহত হয় আরো ৩ জন। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।