সাতক্ষীরার দেবহাটায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার নানি রূপবান খাতুন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বহেরা উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া বৃহস্পতিবার রাতে যশোরের মণিরামপুরে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হোসেন সেকেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সকালে সে নানা বাড়ি বেড়াতে আসে। পুষ্পকাটি ভাটার মোড়ের সেলুন থেকে চুল কাটিয়ে তাকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন নানি রূপবান খাতুন। উত্তর পাড়ায় সাতক্ষীরা থেকে কালীগঞ্জগামী একটি মাইক্রোবাস পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে আলী হোসেন মারা যায়। স্থানীয় লোকজন মাইক্রোবাস চালক পারভেজ হোসেনকে আটক করেছে। আশঙ্কাজনক অবস্থায় রূপবান খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আলী হোসেন দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের শফিকুল গাজীর ছেলে। আর আহত রূপবান খাতুন (৫২) একই উপজেলার উত্তর বহেরা গ্রামের শওকত আলীর স্ত্রী।
বহেরা ইটভাটা মোড়ের রমজান আলী ও সুফিয়া খাতুন জানান, তারা ধারণা করছেন, ঘুম আসার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আলী হোসেন ও তার নানিকে চাপা দেন। পরে মাইক্রোবাসটি সড়কের ওপরে থাকা রেইনট্রিগাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগে। তখন চালক পারভেজ আলীকে স্থানীয় লোকজন ধরে ফেলে।
অন্যদিকে যশোরের মণিরামপুরে ট্রাকচাপায় ইউনুছ বিশ্বাস (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। ইউনুছ বিশ্বাস উপজেলার মাছনা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।










