ফেনীতে সোনাগাজী মডেল থানার মাত্র ৩০০ গজ দূরত্বে একটি শো-রুমের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় বিভিন্ন ব্রান্ডের ৪৫০টি মোবাইল, ৫০টি হাতঘড়ি ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়েছে চোরচক্র।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে সোনগাজী বাজারস্থ শেখ আকিলা মার্কেটের ২য় তলায় এ চুরির ঘটনা ঘটে। পরে রাতে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ সোনাগাজী মডেল থানায় বাদী হয়ে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন।
এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছয়জন ব্যক্তি এ কাজে জড়িত ছিল। তাদের মধ্যে দুজন দোকানের ভেতরে প্রবেশ করে ব্যাগে মালামাল ভর্তি করছিল। অন্যরা দোকান ও মার্কেটের নিচে অবস্থান করছিল।
ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ বলেন, প্রতিদিনের মতো রাতে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। কিন্তু সকালে এসে দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পেয়েছি। পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজে সংঘবদ্ধ একটি চোরচক্র মালামাল লুট করতে দেখেছি। তবে তাদের কাউকে এখনো শনাক্ত করতে পারিনি। তারা দোকান থেকে ৪০০টির বেশি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৫০টি সার্ভিসিংয়ের জন্য দেওয়া গ্রাহকের মোবাইল, ৫০টি হাত ঘড়ি ও ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে। এতো বড় আর্থিক ক্ষতিতে এখন দিশেহারা হয়ে পড়েছি।
সোনাগাজী পৌর এলাকার এ মার্কেট থেকে থানার দূরত্ব মাত্র ৩০০ গজ। এমন জায়গায় দিনের বেলায় চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একজন ব্যবসায়ী এতো বড় ক্ষতির মুখে পড়লেও এ ঘটনায় থানার ওসি বা সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।
সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুর নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ও পরিকল্পিত ঘটনা বলেই আমাদের ধারণা। বাজারের পাহারাদার ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন, কিন্তু চুরির ঘটনা ঘটে সকাল সাড়ে ৬টার দিকে। সম্ভবত বাইরের কোনো চোরচক্র এ ঘটনার সঙ্গে জড়িত। ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে। বাজারে চুরি প্রতিরোধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি মামলা করেছেন। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থানার ৩০০ গজ দূরত্বে চুরি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, চুরির ঘটনা ভোরবেলায় ঘটে, তখন বাজারের নাইট গার্ড থাকে না আর পুলিশ ধীরে ধীরে উইথড্র হতে থাকে।
সিসি ক্যামেরা থেকে চোরচক্রের কাউকে শনাক্ত করা হয়েছে কিনা এমন প্রশ্নের ওসি বলেন, ‘আপনি যেটি দেখেছেন, আমিও সেটি দেখেছি। আমরা তদন্ত করছি।’










