রাজবাড়ীতে আব্দুল ছাত্তার মৃধা হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই মাস করে কারাদণ্ড দেয়া হয়। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অন্য তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। গতকাল দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার এ রায় ঘোষণা করেন। এ সময় ১১ আসামি আদালতে হাজির ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মিরাজ মৃধা (পলাতক), সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ ও ঠাণ্ডু মৃধা (পলাতক)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ জুন ঈদের দিন সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মালঞ্চি গ্রামের আব্দুল ছাত্তার মৃধাকে কুপিয়ে হত্যা করে তার ভাই মিরাজ মৃধা, ভাতিজা সাইদ মৃধাসহ তাদের সহযোগীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা পারভীন পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ীর জজকোর্টের পাবলিক প্রসিকিটর (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, ‘আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সন্তুষ্ট।’