সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাতুল ইসলাম বাবার সঙ্গে এসেছেন সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীতে। বাবা তাকে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে ধারণা দিচ্ছেন। সেই সঙ্গে একটু একটু করে যুদ্ধের গল্পও শোনাচ্ছেন। 

শুধু রাতুলই নয়, নানা বয়সী ও পেশার মানুষজন গতকাল ভিড় করেছে রাজধানীর তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমরাস্ত্র প্রদর্শনী দেখতে। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সমরাস্ত্র, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিমান বাহিনীর একাধিক জেট প্লেনসহ বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। 

সরেজমিন দেখা যায়, বিমানবন্দরের রানওয়েতে ঢুকতে পূর্ব পাশে সেনাবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন সমরাস্ত্র, বাম পাশে নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ প্রদর্শিত হচ্ছে। এসব স্টলে একাত্তরের রণাঙ্গনে ব্যবহৃত সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শন করতে দেখা গেছে।