সুন্দরবনের সাতক্ষীরা অংশে নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণের অভিযোগে ৬০০ কেজি কাঁকড়া ও একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে সুন্দরবনের পশ্চিম-জোনের বুড়িগোয়ালিনী রেঞ্জের কাঠেরশ্বর টহল ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব কাঁকড়া জব্দ করা হয়।

আটক ব্যক্তি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে ইয়াকুব আলী সরদার (৬০)।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ কাঁকড়া ও ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় ট্রলারটি সুন্দরবনের ভেতরে কাঁকড়া বহন করছিল।

বন বিভাগের দাবি, এ সময়টি সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষিদ্ধ মৌসুম। নির্ধারিত সময় ছাড়া কাঁকড়া আহরণ পরিবেশ ও বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর।

বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ করা পরিবেশের জন্য বিপজ্জনক। কিছু অসাধু জেলে ও বাওয়ালী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।