পুলিশের তিনজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ কর্মকর্তাদের চাকরি থেকে অবসরে পাঠানো হয়। বুধবার (১০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পৃথক তিনটি প্রজ্ঞাপনের বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন তিনটিতে সই করেন।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন র্যাবের সদ্য সাবেক মহাপরিচালক ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত) খন্দকার মহিদ উদ্দিন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এবং টুরিস্ট পুলিশের ড. খ. মহিদ উদ্দিনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।










