যশোরের ভৈরব নদে ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গো জাহাজ উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্টরা। এমভি আর রাজ্জাক নামের ওই জাহাজ ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ টন কয়লা ছিল। গতকাল উদ্ধারকাজ চলমান ছিল বলে জানিয়েছেন জাহাজটির মাস্টার মো. মুরাদ হোসেন। ইন্দোনেশিয়া থেকে ওই কয়লা আমদানি করে মেসার্স শেখ ব্রাদার্স। প্রতিষ্ঠানটির পরিচালক শেখ শফিয়ার রহমান জানান, ভৈরব নদে কয়লাবোঝাই লাইটার জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকে পড়ে। জাহাজটি গত ২৪ ঘণ্টার মধ্যেও উদ্ধার সম্ভব হয়নি। কয়লা ছড়িয়ে না পড়ায় নদের পানি দূষণ হবে না বলে তিনি দাবি করেন।