বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে সড়ক অবরোধ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বিকালে হেমায়েতপুর এলাকার বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকাল ৫টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

শ্রমিকরা বলছেন, দুই মাস ধরে মালিক পক্ষ বারবার কারখানা লে-অফ ঘোষণা করছে। সর্বশেষ ১৮-৩১ মে পর্যন্ত এক নোটিসে কারখানা লে-অফ ঘোষণা করা হয়। নোটিসে শ্রমিকদের এপ্রিলের বকেয়া বেতন গতকাল পরিশোধ করার কথা ছিল। দুপুরে শ্রমিকরা বেতন নিতে কারখানায় এসে দেখেন মালিক পক্ষ বা কর্মকর্তারা আসেননি। বেতন না পেয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

১৭ মে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ স্বাক্ষরিত এক নোটিসে ১৮-৩১ মে পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। ওই নোটিসে বলা হয়, কারখানায় বিগত দিনে শ্রমিক অসন্তোষ থাকায় আন্দোলনের জন্য নির্ধারিত সময়ে শিপমেন্ট করা যায়নি। বিলম্বে শিপমেন্ট করার (আকাশপথে পণ্য পরিবহন) কারণে ব্যাংকের দায়-দেনা অনেক বেশি হয়েছে। এ কারণে ক্রেতাদের কোনো ক্রয় আদেশ ও কাঁচামাল না থাকায় কারখানা কর্তৃপক্ষের ১৮-৩১ মে পর্যন্ত শ্রমিকদের কাজ প্রদান করা সম্ভব হবে না, যা মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত। এ অবস্থায় কারখানা লে-অফ করা হলো। এপ্রিলের বেতন ২৫ মে বেলা ৩টায় কারখানায় প্রদান করা হবে।

তবে এ ব‍্যাপারে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘কারখানার শ্রমিকদের গতকাল বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। নির্ধারিত সময় পরও বেতন না পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’