লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী দুই রাখাল নিহত হয়েছেন। উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি এলাকার সানোয়ার হোসেনের ছেলে ওয়াস কুরুনী (৩২) ও ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক (৩০)।
ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশী রাখাল লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় গরু পারাপার করতে যান। এ সময় গোপালপুর সেক্টরের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে ওয়াস কুরুনী ও আনোয়ার হোসেন নামে দুই রাখালের মৃত্যু হয়। পরে অন্য রাখালরা দুজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম বলেন, এ ঘটনায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপি ক্যাম্পের বিজিবি কমান্ডার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন কৈমারী বিএসএফ ক্যাম্প কমান্ডারকে পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছেন। তবে এখন পর্যন্ত বিপরীত দিক থেকে সাড়া মেলেনি।










