কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার। আজ শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন হাজী জ‌সিম উদ্দিন, আতিকুল আলম শাওন, কুমিল্লা সি‌টি ক‌রপো‌রেশ‌নের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প‌রিষ‌দের প্রশাসক মোস্তাক মিয়া, কৃ‌ষি স‌চিব ড. র‌ফিকু‌ল ই মোহা‌মেদ, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো.দেলোয়ার হোসেন।

মন্ত্রী বলেন, আমাদের ৭০ শতাংশ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশের কৃষি শক্তিশালী হলে অর্থনীতিও শক্তিশালী হবে। তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেশ পুনরুদ্ধারে যে ৩১ দফা রূপরেখা দিয়েছিলেন সেখানে কৃষিখাতের উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছিলে। নির্বাচনী ইশতেহারে কৃষকের জন্য স্বতন্ত্র কৃষক কার্ড প্রদানের অঙ্গীকার করা হয়েছিল। সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষক কার্ড চালুর প্রাক-পাইলটিং শুরু হয়। আজ কুমিল্লার অরণ্যপুর ব্লকে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশের ১০ টি জেলার ১১ টি উপজেলার ১১ টি কৃষি ব্লকের ২২ হাজার ৬৫ জন কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হলো। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এ কার্ড দেয়া হবে।

মন্ত্রী বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশ থেকে মধ্যস্বত্যভোগীর দৌরাত্ব শেষ হবে। কৃষক প্রতিটি পণ্যের ন্যায্যমূল্য পাবেন। ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক আড়াই হাজার টাকার প্রণোদনা পাবেন, যা দিয়ে সার, বীজ, বালাইনাশক ও সকল ধরণের কৃষি সেবা কিনতে পারবেন।

মন্ত্রী বলেন, কৃষির আধুনিকায়নে সরকার কৃষকদের ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিমূল্যে যে যন্ত্রপাতি সরবরাহ করে, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকগণ সে সুবিধাও পাবেন। কৃষি ঋণ ও কৃষি বীমার সুবিধাও এ কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী অনুষ্ঠানস্থলের পাশে স্থাপিত কৃষি মেলার উদ্বোধন করেন ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর/সংস্থার স্টল ঘুরে দেখেন।