সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সব ধরনের নৌকা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। বালি ও পাথর লুট ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার বিকাল থেকে মাইকিং করে এ নির্দেশনা জারি করা হয়। বালি ও পাথর লুট বন্ধে প্রশাসন নতুন এ নির্দেশনা জারি করেছে। এর আগে সাদাপাথর লুটের ঘটনায় প্রশাসন কঠোর অবস্থান নেয়।
নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটন কেন্দ্র পর্যন্ত শুধু পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এ এলাকায় অন্য কোনো নৌকা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ তার ফেসবুক পেজে এ নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা এ আদেশ অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।










