চট্টগ্রাম নগরীর হালিশহরে প্রাইভেট কারের ধাক্কায় ওসমান গনি শাকিব (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকাল ৫টা ১০ মিনিটের দিকে হালিশহর থানাধীন কে-এল ব্লক, ৫ নং গেটের পাশে বন ফায়ার নামক রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চালক তানিম হোসেন রাব্বিকে (১৯) আটক করেছে পুলিশ। মৃত কিশোরের পিতার নাম মোহাম্মদ নাছির। তারা হালিশহর কে ব্লকের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, সাদা রঙের হোন্ডা সিভিক মডেলের গাড়ি বেপরোয়া গতিতে কিশোরের বাইসাইকেলের পেছনে ধাক্কা দিলে সে সাইকেল থেকে নিচে পড়ে যায়। ওই সময় প্রাইভেট কারের চাকা কিশোরের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা গাড়িটি থামিয়ে চালককে আটক করে। পরে খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চালককে আটক করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।