ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত রাঙ্গামাটির সন্তান উক্যচিং মারমা মারা গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করে উক্যচিং মারমা।
জানা গেছে, উক্যচিং মারমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়া এলাকার বাসিন্দা।
উক্যচিং মারমার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মাসি (খালা) নেলী মারমা। তিনি জানান, শিক্ষা অর্জনের জন্য গ্রাম থেকে শহরে গিয়ে আজ লাশ হয়ে ফিরছে আমার বোনের ছেলে। এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা ১টার দিকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিল রাঙ্গামাটির ছেলে উক্য চিং মারমা। এ ঘটনায় তার শরীরের বৃহদাংশই পুড়ে যায়।















