ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণের পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সামিউল হুদা বলেন, ‘গুরুতর আহত রোহান (১৫) নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরো পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছে। সব মিলিয়ে ২৫ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হয়েছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘বৈদ্যুতিক সংযোগের সময় কোনো ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে।’










