তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত এবং ছাত্র-জনতার অপূর্ণ প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম 'অল্টারনেটিভস' জাতীয় অর্গানাইজিং কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করেছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন জেলা থেকে ২৩ নতুন সংগঠক যুক্ত হয়েছেন।
আজ শনিবার সংগঠনটি জানিয়েছে, ধাপে ধাপে কমিটি আরো সম্প্রসারণ করা হবে। পাশাপাশি দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদারে শিগগিরই একটি রাজনৈতিক রূপরেখা প্রকাশের পরিকল্পনাও রয়েছে।
অল্টারনেটিভস থেকে বলা হয়, নির্বাচন-পরবর্তী দেশের সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক নিরাপত্তা পরিস্থিতিতে অবনতির লক্ষণ দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটে রাষ্ট্র গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ জরুরি হয়ে উঠেছে।
বর্ধিত কমিটির সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিকভাবে সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন, শহীদ পরিবার ও আন্দোলনে আহতদের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তারের কাজ এগিয়ে নেবেন তারা।
সংগঠনের নতুন দায়িত্বপ্রাপ্তরা পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সংগঠনের কাঠামো শক্তিশালী করবেন বলে জানানো হয়েছে।
নতুন সংগঠকেরা হলেন, আবিদ উল্লাহ কামাল, আব্দুর রহমান আকাশ, ফাত্তাহ সিয়াম, মাহমুদুল হাসান, মুহাম্মদ মুহিউদ্দিন জিলানী, মোহাম্মদ রাজীব হাসান ইন্দু, মোস্তফা মনন, মো. আবদুল ওয়াহাব সাকীন, মো. মুজিবুর রহমান, মো. মুশফিকুল ইসলাম, মো. সারওয়ারুল হক রবিন, রাকিবুল হাসান অনিন্দ্য, রাশিদুন নবী, রিয়াদ বিন মাহবুব, শহীদুল ইসলাম রূপক, সত্যঞ্জীব মুখার্জী, সনজয় দাশ, সাজ্জাদুল হক, সৈয়দ আরেফিন বায়েজিদ, তানজিম আহমেদ, তাইমুম হাসান শুভ, নূর কবির রাশিক ও পরিমল চন্দ্র উরাও।










