ফেনীতে মো. ইয়াছিন (৪৭) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে তাকে শহরের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃত ইয়াছিন ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার চৌকিদার বাড়ির আবদুস চাত্তারের ছেলে। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি। 

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রহীম সরকার জানান, ২০০৯ সালের একটি মামলায় ইয়াছিনের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে নোয়াখালী জেলা জজ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত তিনটার দিকে তাকে শহরের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।