নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা খোঁড়ার সময় গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বিতল ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজ করতে গেলে তিতাস গ্যাসের মূল বিতরণ সংযোগের পাইপ ফেটে যায়। আগুনে রাস্তার পাশের একটি ভবনের প্লাস্টিক স্যুয়ারেজের বেশ কয়েকটি লাইন ও বিদ্যুতের তার পুড়ে গেছে। এছাড়া কয়েকটি টিনশেড দোকান পুড়েছে। তবে আগুনে কেউ হতাহত হননি। গতকাল সকালে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে শাসনগাঁওয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ২০২৩ সাল থেকে দ্বিতল ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজ চলছে। গতকাল সকালে শাসনগাঁওয়ে রাস্তা খুঁড়ে পাইলিং করার সময় তিতাস গ্যাসের পাইপ ফেটে আগুন ধরে যায়। গ্যাসের অতিরিক্ত চাপের কারণে আগুন প্রায় ছয় তলা ভবনের সমান উঁচুতে উঠে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফখরুদ্দিন জানান, তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। পরে ফায়ার সার্ভিসের ফতুল্লা, পাগলা ও শহরের মণ্ডলপাড়া স্টেশনের ছয়টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।










