জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪’ গ্রহণ করেছে। এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বৃহস্পতিবার বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিটির উদ্বোধন করেন। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি-২০২৪ পালন করছে।
এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা বিভিন্ন গাছের চারা রোপণ করে ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটগুলোয়ও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গুণাগুণসম্পন্ন গাছের চারা রোপণ করবে।
এদিকে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) প্রতি বছরের মতো এবারো বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। বাফওয়া কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। —আইএসপিআর










