নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান ঘর পুড়ে গিয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে দোকানপাট খোলার আগেই বাজারটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তারে শুটকি দিয়ে ফাঁদ পাততে গিয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডে মসলা ভাঙ্গানোর ৫টি মিল, মনোহারি মালামালের দুটি গুদাম, দুটি বরফকলসহ অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীর ১২টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে। হাওর এলাকার এ বাজারের আশপাশে ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তারা। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা।  

ব্যবসায়ীরা আরো জানান, লেপসিয়া বাজারের মসলা ভাঙ্গানোর মিল মালিক সোহরাব মিয়া বুধবার সকালে তার মসলা মিলে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দেয়া তারে শুটকি দিয়ে ফাঁদ পাতেন।এ ফাঁদে একটি ইঁদুরও মরে। তবে এ ফাঁদ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।