রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ১৬ জানুয়ারি।

ভর্তি কমিটিতে থাকতে পারেন এমন কয়েকজন শিক্ষক শনিবার (৪ অক্টোবর) জানিয়েছেন, জাতীয় নির্বাচন ও রমজানের কারণে এবার আগেভাগেই পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা চলছে।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬ জানুয়ারি মানবিক ইউনিটের পরীক্ষা, ১৭ জানুয়ারি বাণিজ্য ইউনিটের পরীক্ষা এবং ২৩ জানুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেয়া হতে পারে। এ তিনটি তারিখকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যক্রম শুরু করেছে।

গত বছরের ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা কয়েকজন শিক্ষক জানান, এবারও তারা কমিটির সদস্য হতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রমজানও শুরু হবে। তাই ভর্তি পরীক্ষা জানুয়ারিতেই আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে ১৬ জানুয়ারিই ভর্তি পরীক্ষা শুরু হবে।