নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। আজ রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে দুপুর আড়াইটায় উপজেলার কাঞ্চন পৌরসভা কালাদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় অভিযানে বাধা দেয় স্থানীয়রা। তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তিতাসের দুইটি গাড়ি ভাংচুরসহ কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের উপর হামলা করে। এতে মহাসড়কে দুই ঘণ্টা যানজট সৃষ্টি হয়েছে। এসময় তিন শ্রমিক আহত হন।
তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, কাঞ্চন পৌরসভায় তিনটি পয়েন্টে ছয় হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে সেগুলো বিচ্ছিন্ন অভিযান শুরু করা হয়েছে। দুই হাজার সংযোগ বিচ্ছিন্ন করার পর অভিযানের খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রাম থেকে পাঁচ শতাধিক নারী-পুরুষ সেখানে জড়ো হয়ে অভিযানে বাধা সৃষ্টি করে। মহাসড়ক অবরোধ করে দুইটি গাড়ি ভাংচুর করে ও শ্রমিকদের মারধর করলে তিনজন আহত হন। এ সময় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যত বাধাই আসুক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।










